বগুড়ার গাবতলী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মাদকসহ তিনজনকে আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার সান্দাবাড়ী মধ্যপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে আটককৃতদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং ১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন:
১. মো. লিখন (২৫), পিতা- আব্দুল খালেক।
২. মোছা. শেফালী বেওয়া (৫০), স্বামী- মৃত আব্দুল খালেক।
৩. মো. শাকিল (২৬), পিতা- মো. ছাইদুর।
তারা সবাই গাবতলী উপজেলার সান্দাবাড়ী গ্রামের বাসিন্দা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। আদালত মো. লিখন ও মোছা. শেফালী বেওয়াকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ দিনের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মো. শাকিলকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
ডিএনসি বগুড়া 'ক' সার্কেলের কর্মকর্তারা জানান, এই অঞ্চলে মাদক নির্মূল ও পাচার রোধে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রেখে দেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।