১১ বৈশাখ, ১৪৩৩

২৪ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীর বগুড়া সফর: আরডিএর সবুজ প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বারোপ

মিজানুর রহমান আশিক প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর বগুড়া সফর: আরডিএর সবুজ প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বারোপ

 

নিজস্ব প্রতিবেদক, বগুড়া | ২২ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে এসে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) পরিদর্শন করেছেন। সফরে তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

 

আরডিএর মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং একাডেমির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি, বগুড়ার সংসদ সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আরডিএ প্রাঙ্গণে উদ্ভাবিত বিভিন্ন সবুজ ও জলবায়ু সহিষ্ণু প্রযুক্তির প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন এবং চরাঞ্চল ও উপকূলীয় অঞ্চলের জন্য উপযোগী প্রযুক্তির উন্নয়ন ও বিস্তারে গুরুত্বারোপ করেন। বিশেষ করে মৌচাষ ও সূর্যমুখী চাষাবাদের সম্প্রসারণে জোর দেন তিনি।

 

ব্রিফিংয়ে মহাপরিচালক জানান, দেশে সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদন ও শোধনের জন্য আধুনিক সলভেন্ট এক্সট্রাকশন প্ল্যান্ট স্থাপন প্রয়োজন, যা তেল আহরণ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপণনে সহায়ক হবে।

 

প্রদর্শনীতে বায়োগ্যাসের মিথেন থেকে সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদন, খাল-বিল ও জলমহলভিত্তিক সমন্বিত বাস্তুসংস্থান ব্যবস্থাপনা, ন্যানো সার, কৃত্রিম প্রজনন ও টিস্যু কালচার, পল্লীভিত্তিক আবাসন, আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের ফ্রিল্যান্সিংয়ে যুক্তকরণ, দ্বি-স্তর কৃষি, পানি পুনর্ব্যবহার প্রযুক্তি, সৌরচালিত সেচ, বজ্রপাত নিরোধক এবং ট্রাইকো-কম্পোস্টসহ বিভিন্ন উদ্ভাবন উপস্থাপন করা হয়।

 

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী একাডেমি প্রাঙ্গণে দুটি ফলদ গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিসিএস বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ২৩১ জন কর্মকর্তার উদ্দেশে বক্তব্য দেন।

 

প্রধানমন্ত্রী আরডিএ উদ্ভাবিত প্রযুক্তিগুলোর প্রশংসা করে সেগুলো দ্রুত সারাদেশে বিস্তারের আহ্বান জানান। তিনি ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আরডিএর অবদানের কথাও উল্লেখ করেন এবং সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন।

 

পরিদর্শনকে একাডেমির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে মহাপরিচালক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।