নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘মাটিডালি প্রিমিয়ার লিগ (এমপিএল)-২০২৬’ সিজন-৬ এর ফাইনাল খেলা ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মাটিডালি ক্রীড়া চক্র খেলার মাঠে এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হয় উত্তরপাড়া সুপার কিংস বনাম শাহপাড়া নট আউট। টানটান উত্তেজনার এই ম্যাচে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহপাড়া নট আউট।
খেলা শেষে মাটিডালি ক্রীড়া চক্রের আয়োজনে এক বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল।
মাটিডালি ক্রীড়া চক্রের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হামিদ (তারা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যান্ড সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফুল ইসলাম। এছাড়াও বিশেষ পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মাটিডালি ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ও হীরা জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান হীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মেজবাহুল হামিদ (মেজবা) (নির্বাহী সভাপতি, মাটিডালি ক্রীড়া চক্র ও সাবেক কাউন্সিলর), আল আমিন সরকার সিফাত,(সভাপতি, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল), মো. রনি মাহমুদ (স্বত্বাধিকারী, নিউ সিঙ্গাপুর টেলিকম)।
পুরো আয়োজনটির সার্বিক সমন্বয়ে ছিলেন এমপিএল গ্রুপের সাধারণ সম্পাদক ও মাটিডালি ক্রীড়া চক্রের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাটিডালি প্রিমিয়ার লিগ গত ছয় বছর ধরে এলাকায় সুস্থ বিনোদন ও ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতেও এ ধরণের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।