নিজস্ব প্রতিবেদক, বগুড়া | ২২ এপ্রিল ২০২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে রংপুর-ঢাকা মহাসড়কের ওপর মির অ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি সন্দেহজনক ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার দক্ষিণ অনন্তপুর গ্রামের মো. আশরাফুল ইসলাম (২৮) এবং নাগেশ্বরী থানার দক্ষিণ রামখানা গ্রামের মো. মমিন হোসেন (২১)। এ সময় তাদের কাছ থেকে একটি কালো রঙের স্কুল ব্যাগ জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, আশরাফুল ইসলামের বিরুদ্ধে পূর্বে দুইটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।