মাজেদুর রহমানঃ
সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের স্নিগ্ধ বেকারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়—অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে, উৎপাদিত খাদ্যপণ্য মাটিতে ফেলে রাখা, কেক তৈরির সময় কালিযুক্ত পুরনো খবরের কাগজ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও খাদ্যপণ্যে নিষিদ্ধ স্যাকারিন মেশানো, এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সংবলিত ট্যাগ ব্যবহার না করার মতো একাধিক গুরুতর অপরাধ ধরা পড়ে।
এইসব অপরাধের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় মোট ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে সহযোগিতা করেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি বিশেষ টিম।
স্থানীয় ভোক্তারা এ ধরনের অভিযানের মাধ্যমে খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং এ কার্যক্রমকে সাধুবাদ জানান।