১ আশ্বিন, ১৪৩৩

১৬ সেপ্টেম্বর, ২০২৬

লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদন, শাজাহানপুরে ৫০ হাজার টাকা জরিমানা

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদন, শাজাহানপুরে ৫০ হাজার টাকা জরিমানা

লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদন, শাজাহানপুরে ৫০ হাজার টাকা জরিমানা

 

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

 

বগুড়ার শাজাহানপুরে অনুমতিপত্র বা লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদনের অভিযোগে নিউ সান ফার্মার স্বত্বাধিকারী কামরুজ্জামান খান (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানে উৎপাদিত পশু খাদ্য জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল ধ্বংস করা হয়েছে

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার গন্ডগ্রাম এলাকায় বিএডিসি অফিস সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

 

অভিযানে সার্বিক সহযোগিতা ও প্রসিকিউশন প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিউ সান ফার্মায় প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদন করা হচ্ছিল। এ ঘটনায় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ২০ ধারায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কামরুজ্জামান খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সামনে তিনি নিজের অপরাধ স্বীকার করেন এবং নির্ধারিত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। অভিযানের সময় প্রতিষ্ঠানে থাকা উৎপাদিত পশু খাদ্যসহ সংশ্লিষ্ট মালামাল জব্দ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের জিম্মায় দেওয়া হয় পরবর্তীতে জব্দ করা মালামাল ধ্বংস করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, লাইসেন্স ছাড়া পশু খাদ্য উৎপাদন আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনহীনভাবে পশু খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান ও ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।