১ আশ্বিন, ১৪৩৩

১৬ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটে যুবদলের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
জয়পুরহাটে যুবদলের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

জয়পুরহাটে যুবদলের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

 

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি:

১৫.৯.২৬

 

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের উদ্যোগে ৭দিন ব্যাপী শুরু হয়েছে মশক নিধন অভিযান, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় শহরের বারিধারা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র’র সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক এমএ ওহাব ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলাম। কর্মসূচিতে জেলা যুবদলের যুগ্ন আহবায়ক হারুনুর রশীদ জুয়েল ও তৈৗফিক এলাহীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

এ সময় মশা নিধনের জন্য বিভিন্ন স্থানে স্প্রে করার পাশাপাশি সড়কের পাশ, ড্রেন, ঝোপ-ঝাড় ও বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশে পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া ও নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

 

জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র জানান, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, ড্রেন ও আশপাশের এলাকায় পানি, ময়লা আবর্জনা জমে আছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এ লক্ষ্যেই জেলা যুবদলের উদ্যোগে ৭ দিনব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহরের পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলেও এ কার্যক্রম পরিচালনা করা হবে।