কালাইয়ে ট্যাপেন্টাডল সেবনে যুবকের ৬ মাসের কারাদণ্ড
মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট প্রতিনিধি:
১৬.৯.২৬
জয়পুরহাটের কালাইয়ে ট্যাপেন্টাডল সেবনের দায়ে সাগর ফকির (২৬) নামে এক যুবককে গ্রেপ্তারের পর মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মাদারপুর বাজার এলাকায় ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাগর ফকির মাদারপুর গ্রামের মৃত সিরাজুলের ছেলে।
পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। পরে তিনি সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী সাগর ফকিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদক সেবন ও এর বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।