১ আশ্বিন, ১৪৩৩

১৬ সেপ্টেম্বর, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ময়ূরী বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ময়ূরী বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ময়ূরী বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি:

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি, মানসনদহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার ও হালনাগাদ বিএসটিআই সনদ ছাড়া খাদ্য উৎপাদনের অভিযোগে বগুড়ায় ‘ময়ূরী বেকারি’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, গুণগত মান যাচাই সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং হালনাগাদ বিএসটিআই মানসনদ ছাড়া খাদ্য উৎপাদনের বিষয়টি ধরা পড়ে। এছাড়া খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাবিহীন কাঠের টেবিলে খাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়।

এ সময় প্রতিষ্ঠানের মালিক অপরাধের বিষয়টি স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

একই সঙ্গে এসব বিষয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ অন্যান্য সহায়ক কর্মী উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

এ সময় প্রতিষ্ঠানটির মালিককে সরকারি সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।