১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় জুলাই যোদ্ধা সংবর্ধনা ও শহীদ পরিবারে সম্মাননা

মাজেদুর রহমান প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন
বগুড়ায় জুলাই যোদ্ধা সংবর্ধনা ও শহীদ পরিবারে সম্মাননা

 

মাজেদুর রহমানঃ

বগুড়ায় গৌরবময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের সংবর্ধনা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে নাগরিক সংগঠন ভয়েস অব জুলাই-এর আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

আয়োজনের শুরুতে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী আনুষ্ঠানিকতায় অংশ নেন। এরপর অনুষ্ঠিত হয় “জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং “অভ্যুত্থানের দিনগুলি” শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। দিনভর বর্ণাঢ্য আয়োজন শেষে একটি বিশাল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভয়েস অব জুলাই বগুড়ার আহ্বায়ক আজিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব নাজমুল হাসান নেহাল এবং যুগ্ম আহ্বায়ক ওহাব রিয়াজ। বক্তারা জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলির স্মৃতিচারণ করে বলেন, এই আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মুনিরুল ইসলামের বাবা শামসুল হক, শহীদ সৈকতের বাবা নজরুল ইসলাম, শহীদ রাতুলের বাবা জিয়াউর রহমানসহ শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, আরডিএ বগুড়ার যুগ্ম পরিচালক কৃষিবিদ ড. আব্দুল মজিদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশ, এনসিপির জেলা সংগঠক শওকত ইমরান, মোস্তাফিজার রহমান, ভয়েস অব জুলাই-এর সংগঠক রেজাউল সরকার রেজা, রাসেল শেখ, সালমির ইসলাম, রাসেল মাহমুদ প্রমুখ।

দিনশেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ছবি ও ভিডিও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।