বিশেষ প্রতিনিধি:
বগুড়ায় টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) টিকাদান কর্মসূচিকে সার্থক ও সফল করতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত বগুড়ার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম। বুধবার বিকেলে সিভিল সার্জন অফিসের “বন্ধন” হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া জেলা সিভিল সার্জন অফিস, সহযোগিতায় ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গাভি (The Vaccine Alliance), পাথ ও ইউনিসেফ।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম। উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নুর-ই-সাদিদ, মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল হক, এবং বগুড়া প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাহাত রিটু, মহসীন আলী রাজু, সবুর শাহ লোটাস, ফজলে রাব্বি ডলার, মো. মামুন-উর-রশিদ, মতিয়ার রহমান মিলন, আবুল কালাম আজাদ, মমিনুর রশিদ শাহীন ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান।
টিসিভি টিকাদান কর্মসূচি সম্পর্কে বিশদ পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. তারেক মো. রেজা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার নাফিউর রহমান তমাল।
প্রশ্নোত্তর পর্বে সিভিল সার্জন ডা. খুরশীদ আলম বলেন, “টাইফয়েড নির্মূলে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই বগুড়া জেলার টিকাদান কর্মসূচি সারাদেশে মডেল হোক। সকলের সহযোগিতায় বগুড়াকে টাইফয়েডমুক্ত জেলায় পরিণত করাই আমাদের লক্ষ্য।”
তিনি জানান, বগুড়া জেলার ৯টি উপজেলা, ৩২০৭টি ওয়ার্ড, ৩৩৭৭টি বিদ্যালয় ও ২৭২২টি টিকাদান কেন্দ্রে প্রায় ৯ লাখ ৪৮ হাজার ৩৭৬ জন (৯ মাস থেকে ১৫ বছর বয়সী) শিশুকে টিসিভি টিকা দেওয়া হবে। এ লক্ষ্যে ৯৯টি টিএইচটি (টিকাদান দল) সক্রিয়ভাবে মাঠে কাজ করবে।
সিভিল সার্জন গণমাধ্যম কর্মীদের এই জনস্বাস্থ্য উদ্যোগকে ব্যাপক প্রচারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার আহ্বান জানান।