মাজেদুর রহমানঃ
দুই দলের দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে জমে উঠেছিল শহীদ চান্দু স্টেডিয়ামের আন্তর্জাতিক আবহের ম্যাচ। কিন্তু আলোর অভাবে রোমাঞ্চকর পরিসমাপ্তি পেল না বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ওয়ানডে। বৃষ্টি আইনে (DLS Method) ৫ রানে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।
২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ১৫ রানে দুই ওপেনারের বিদায়ে চাপ বাড়ে টাইগার শিবিরে। ৬০ রানে তৃতীয় উইকেট হারানোর পর স্টেডিয়ামের গ্যালারিতে হতাশা নেমে আসে। তবে মিডল অর্ডারে কালাম সিদ্দিকী এলেন ও রিজান হোসেনের জুটি দলকে ফেরায় লড়াইয়ে। দুজনের ১৩৯ রানের দারুণ পার্টনারশিপে দর্শকদের মাঝে ফিরে আসে আশার আলো।
সেঞ্চুরি তুলে নেন এলেন, কিন্তু ১০১ রানে থামতে হয় তাকে। এরপরও অপর প্রান্তে দৃঢ় থাকেন রিজান হোসেন। ৭৫ রানে অপরাজিত থেকে দলকে প্রায় জয় এনে দেন এই ডানহাতি ব্যাটার। ৪৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৩১ রান। এর পরই আলো স্বল্পতায় খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। বৃষ্টি আইনে বাংলাদেশকে ৫ রানে জয়ী ঘোষণা করা হয়। আফগানিস্তানের হয়ে ওয়াহিদুল্লাহ জাদরান নেন ২টি উইকেট।
এর আগে টসে জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। উদ্বোধনী জুটিতে আসে ৫৫ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মিডল অর্ডারের ব্যাটার উজাইরুল্লাহর অনবদ্য ইনিংসে বড় সংগ্রহ পায় সফরকারীরা। ১৩৭ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। দলের হয়ে খালিদ আহমাদজাই ৩৪ এবং ফয়সাল সিনোজাদা ৩৩ রান যোগ করেন।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন ইকবাল হোসেন ইমন—১০ ওভারে ৫৭ রানে ৫ উইকেট। রিজান হোসেন নেন ২টি, সবুজ ও আজিজুল হাকিম নেন ১টি করে উইকেট। অসাধারণ সেঞ্চুরির জন্য কালাম সিদ্দিকী এলেনকে ম্যাচসেরা (Player of the Match) ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং ম্যাচ রেফারি সেলিম সাহেদ।
১৯ বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের আমেজে সকাল থেকেই ভিড় জমে হাজারো দর্শকের। ১৮ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামটি প্রায় পূর্ণ হয়ে যায়; আনুমানিক ১২ হাজার দর্শক মাঠে বসে উপভোগ করেন যুব টাইগারদের লড়াই। তবে আলো স্বল্পতায় ম্যাচ থেমে যাওয়ায় হতাশ হয়ে মাঠ ছাড়েন তারা। অনেকেই বোতল ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত ফ্লাডলাইট চালুর দাবি জানান।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর, শুক্রবার সকাল ৯টায় শহীদ চান্দু স্টেডিয়ামেই। দর্শকরা বিনা টিকিটেই ম্যাচটি উপভোগ করতে পারবেন।