নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ায় জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধিতার সঙ্গে লড়াই করে বড় হওয়া ২২ বছরের তরুণ জাকিরুল ইসলাম অবশেষে পেলেন চলাচলের নতুন ভরসা—একটি হুইলচেয়ার। দিনমজুর বাবার সীমাহীন দারিদ্র্যে এতদিন ঘর থেকে বের হওয়াই ছিল জাকিরুলের জন্য সবচেয়ে কঠিন সংগ্রাম।
বুধবার (২৬ নভেম্বর) বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের হেলেঞ্চাপাড়ায় জাকিরুলের বাড়িতে হুইলচেয়ারটি পৌঁছে দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কালাম আজাদ।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, হেলেঞ্চাপাড়ার দিনমজুর জিল্লুর রহমানের ছেলে জাকিরুল জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। একদিকে আর্থিক অনটন, অন্যদিকে চলাচলের মতো একটি হুইলচেয়ারের অভাব—জাকিরুলের পৃথিবী ছিল চার দেয়ালে সীমাবদ্ধ। বিষয়টি জানার পর মানবিক উদ্যোগে হুইলচেয়ারের ব্যবস্থা করেন সাংবাদিক কালাম আজাদ।
হুইলচেয়ার হস্তান্তরের সময় আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “জাকিরুল নিজে কোথাও যেতে পারে না। তার চলাচলে সামান্য সহায়তা করতে পেরে আমি আনন্দিত। ও আপনাদের কাছে এক আমানত—আপনারা তাকে দেখে রাখবেন। সামনে সুযোগ এলে তার জন্য আরও সহায়তা করার চেষ্টা করব।”
এই আয়োজনে উপস্থিত ছিলেন শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, বিশিষ্ট সমাজসেবক মাহবুবুর রহমান ছোটন, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, জেলা বিএনপি অফিসের সহকারী শাখাওয়াত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাকিরুলের মুখের হাসি আর পরিবারের চোখের কৃতজ্ঞতা—এই ক্ষুদ্র উদ্যোগটিকে পরিণত করেছে বড় মানবিকতায়।