১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

হৃদরোগে আক্রান্ত অ্যাডভোকেট শাহনেওয়াজের পাশে দাঁড়ালো ‘আমরা বিএনপি পরিবার’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ৭:০৬ পূর্বাহ্ন
হৃদরোগে আক্রান্ত অ্যাডভোকেট শাহনেওয়াজের পাশে দাঁড়ালো ‘আমরা বিএনপি পরিবার’

নিজস্ব প্রতিবেদকঃ

মানবতার স্পর্শে আবারও একতাবদ্ধ হলো ‘আমরা বিএনপি পরিবার’। বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত অ্যাডভোকেট শাহনেওয়াজের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে সংগঠনটি। ওপেন হার্ট সার্জারির পর আর্থিক সংকটে পড়া এই প্রবীণ আইনজীবীর হাতে আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শেরপুর পৌর এলাকার কলেজ রোডের শ্রীরামপুর পাড়ায় তার নিজ বাসায় আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন অ্যাডভোকেট শাহনেওয়াজ। সম্প্রতি তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হলেও ব্যয়বহুল চিকিৎসার খরচে তিনি চরম সংকটে পড়ে যান। বিষয়টি জানা মাত্রই দলের একজন অসুস্থ ও বিপদগ্রস্ত কর্মীর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

তার নির্দেশে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনটির একটি প্রতিনিধি দল মানবিক সহায়তাটি আনুষ্ঠানিকভাবে তার হাতে পৌঁছে দেয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী-রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, শেরপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা হাসান মারুফ শিমুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত অ্যাডভোকেট শাহনেওয়াজ বলেন,“আমার এই কঠিন সময়ে বিএনপি পরিবার যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা কোনোদিন ভুলব না। তাদের সাহায্য আমাকে নতুন করে বাঁচার আশা দিয়েছে।”

মানবিক উদ্যোগের এই দৃশ্যটি আবারও প্রমাণ করল—অসুস্থতা কিংবা সংকট, দলের কর্মীরা কখনো একা নয়; পাশে আছে শক্ত হাতে ধরার মতো একটি পরিবার—‘আমরা বিএনপি পরিবার’।