নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছেন বগুড়ার শেরপুর উপজেলা যুবদলের সাবেক নেতা শাহনেওয়াজ আলম রোবা। সপ্তাহে দুই থেকে তিনবার নিয়মিত ডায়ালেসিস করাতে হয় তাকে। ব্যয়বহুল এ চিকিৎসার খরচ বহন করতে গিয়ে তিনি ক্রমেই আর্থিক সংকটে পড়ে যান। এমন দুঃসময়ে তার পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শাজাহানপুর উপজেলার নয়মাইল হাট এলাকার রোবার নিজ বাসায় তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী–রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক সাংবাদিক কালাম আজাদ এবং শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস এ সহায়তা হস্তান্তর করেন।
শাহনেওয়াজ আলম রোবা ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত শেরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের হয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে নিবেদিতভাবে কাজ করলেও কোনোদিন সহায়তার প্রত্যাশা করেননি তিনি। তার অসুস্থতার খবর জানার পরই মানবিক উদ্যোগ হিসেবে সহায়তার নির্দেশ দেন তারেক রহমান।
সহায়তা হস্তান্তরের সময় রাজশাহী–রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বলেন—“শাহনেওয়াজ আলম রোবা যুবদলের একনিষ্ঠ ও পরীক্ষিত নেতা। তার অসুস্থতার কথা শুনে আমরা দেখতে এসেছি এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তার অর্থ তার হাতে তুলে দিয়েছি। শুধু আজ নয়—তার যে কোনো প্রয়োজনেই আমরা পাশে থাকবো।”
সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে রোবা বলেন—“রাজনীতির জীবনে কখনও কোনো সহায়তা পাইনি। আজ প্রথমবার তারেক রহমানের পক্ষ থেকে এই সহযোগিতা পেয়ে আমি সত্যিই অভিভূত। এই সহায়তা আমার বেঁচে থাকার লড়াইকে নতুন শক্তি দেবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মী। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান অটল, আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুবসহ আরও অনেকে।
এছাড়া জেলা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, দপ্তর সম্পাদক রিয়াজ, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তোরাব ও তাজুল—এবং শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিব হোসাইনও উপস্থিত ছিলেন।
এই আর্থিক সহায়তা আবারও প্রমাণ করল—দলের কর্মী বিপদে পড়লে ‘আমরা বিএনপি পরিবার’ শুধু রাজনৈতিক সংগঠন নয়, একে অপরের জন্য এগিয়ে আসা মানুষের মানবিক আশ্রয়স্থল।