বগুড়া অফিসঃ
বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথম আরছেও এলাকায় চাঁদা দাবি কেন্দ্র করে বেদে পল্লিতে হামলার ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে শাকিল (২৫) নামে এক সাপুড়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করছেন গাবতলী মডেল থানার (ওসি) আনিছুর রহমান।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ৩টার দিকে হামলার প্রাথমিক সূত্রপাত হয়। পরে বুধবার সকালেও স্থানীয় একদল দুর্বৃত্ত বেদে পল্লিতে ঢুকে হামলা চালালে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান ,রাতের শেষে কিছু লোকজনকে বেদে পল্লির দিকে যেতে দেখি। সকালে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় কয়েকজন পড়ে আছে। আমরা দ্রুত তাদের হাসপাতালে পাঠাই, কিন্তু শাকিল পথেই মারা যায়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।
তবে হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করেছে।