স্টাফ রিপোর্টারঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বগুড়ায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ‘বিপ্লবী ছাত্র-জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
গায়েবানা জানাজার আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটি গভীর ও পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শাহপাড়া জামে মসজিদের খতিব আহসান হাবিব সাকিব গায়েবানা জানাজায় ইমামতি করেন।
ইনকিলাব মঞ্চের বগুড়া জেলা শাখার আহ্বায়ক মো. মুয়াজ বিন মোস্তাফিজের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই প্ল্যাটফর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা। জানাজায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল এবং ‘আপ বাংলাদেশ’-এর যুগ্ম আহ্বায়ক সিফাতুল্লাহসহ আরও অনেকে।
জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনকারীরা হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচির সমন্বয়ক মো. মুয়াজ বিন মোস্তাফিজ বলেন,
“জুলাই বিপ্লবের কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই শোককে আমরা শক্তিতে রূপান্তর করব। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।”
কর্মসূচিকে কেন্দ্র করে আলতাফুন্নেছা খেলার মাঠ ও শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।