৪ বৈশাখ, ১৪৩৩

১৭ এপ্রিল, ২০২৬

নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস তুঙ্গে

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

মাজেদুর রহমান প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ৫:১৬ পূর্বাহ্ন
বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

 

মাজেদুর রহমানঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির তীর্থভূমিখ্যাত বগুড়ায় উৎসবমুখর পরিবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আজ রোববার পৃথক সময়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়ন ফরমগুলো গ্রহণ করেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ।

 

 

বগুড়া-৬ আসনে তারেক রহমান:

দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে এই ফরম গ্রহণ করেন।

 

মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

 

মনোনয়ন সংগ্রহের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, "বগুড়ার মাটি ও মানুষের সঙ্গে তারেক রহমানের নাড়ির সম্পর্ক। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাকে রেকর্ড পরিমাণ ভোটে নির্বাচিত করতে জেলাবাসী উন্মুখ হয়ে আছেন। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা নির্বাচনী ফলাফলে প্রতিফলিত হবে।"

 

বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়া:

বিকেল ৩টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তার পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামাল তালুকদার লালু।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান এবং সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

বগুড়ার এই গুরুত্বপূর্ণ দুটি আসনে দলের শীর্ষ দুই নেতার প্রার্থিতার খবরে জেলাজুড়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মনোনয়নপত্র সংগ্রহের সময় সরকারি কার্যালয়গুলোর আশেপাশে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে বগুড়ায় রাজনৈতিক পরিবেশ এখন সরগরম।

 

উল্লেখ্য, ঐতিহাসিকভাবেই বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন দুটি বিএনপির দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত এবং অতীতেও এই আসনগুলো থেকে বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।