মাজেদুর রহমানঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বগুড়ায় রাজপথে নেমেছে ছাত্রসমাজ। দীর্ঘ লড়াই, ত্যাগ ও সংগ্রামের পর প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় আখ্যা দিয়ে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল র্যালী ও স্বাগত মিছিল।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এক পর্যায়ে পরিণত হয় গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার আদায়ের প্রত্যয়ী রাজনৈতিক ঘোষণায়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চারিত হয় স্বৈরাচারবিরোধী স্লোগান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং এম আর হাসান পলাশের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহিদ-উন-নবী সালাম, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
মিছিলে বগুড়া জেলা ছাত্রদলের আওতাধীন ২৮টি ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রাজপথজুড়ে দেখা যায় তারেক রহমানের ছবি, ব্যানার-ফেস্টুন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে দৃঢ় রাজনৈতিক বার্তা।
সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়—এটি গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর নেতৃত্বেই দেশে আবারও জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।” বক্তারা আরও বলেন, ছাত্রদল কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি, ভবিষ্যতেও করবে না। গণতন্ত্র ধ্বংসের যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে ছাত্রসমাজ রাজপথেই প্রতিরোধ গড়ে তুলবে। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে শেষ পর্যন্ত রাজপথে থাকবে।