১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ৯:৩১ অপরাহ্ন
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার

 

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার লটো শো-রুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দ (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পাশের আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টু আকন্দকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ ফেলে রেখে যায়। ঘটনার সঙ্গে জড়িত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, “হত্যাকাণ্ডে ব্যবহৃত মাইক্রোবাসসহ কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

এর আগে সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে সাদা রঙের একটি হাইস মাইক্রোবাস দুপচাঁচিয়া উপজেলার একটি লটো শো-রুমের সামনে এসে থামে। মাইক্রোবাস থেকে চারজন দুর্বৃত্ত নেমে আসে। তাদের মধ্যে একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুম থেকে পিন্টু আকন্দকে টেনে বাইরে নিয়ে আসে।

পরে বাইরে অবস্থানরত অন্য দুর্বৃত্তদের সহায়তায় তাঁকে জোরপূর্বক সাদা মাইক্রোবাসে তুলে বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘীর দিকে নিয়ে যায়। অপহরণকারীদের সবার মুখ ঢাকা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা ছিলেন।

ঘটনার পর এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।