ডেস্ক রিপোর্টঃ
রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আসনভিত্তিক সমঝোতার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানান, বিদ্যমান আট দলীয় সমঝোতার জোটে নতুন করে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল—এনসিপি এবং কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
ডা. শফিকুর রহমান বলেন, “আলাপ-আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন সংসদীয় আসনে সমঝোতা হয়েছে। আরও কয়েকটি দল আমাদের সঙ্গে সমঝোতায় আগ্রহ প্রকাশ করেছে। তবে বর্তমান বাস্তবতায় তাদের অন্তর্ভুক্তি এই মুহূর্তে সম্ভব হচ্ছে না।”
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থান–পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই—আন্দোলনের অভিন্ন দাবিগুলোকে প্রাতিষ্ঠানিক ও কার্যকর রূপ দেওয়া।
জানা গেছে, গণ-অভ্যুত্থানের পর জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)—এই ছয়টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করে। পরবর্তীতে এ প্রক্রিয়ায় যুক্ত হয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
এই আটটি দল অভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে যৌথ কর্মসূচি পালন করে আসছে। সর্বশেষ এনসিপি ও এলডিপির যোগদানে সেই রাজনৈতিক ঐক্য আরও বিস্তৃত ও শক্তিশালী হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমঝোতা আগামী দিনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং মাঠের রাজনীতিতে জোটটির প্রভাব আরও দৃশ্যমান হতে পারে।