১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

১২–১৩ লাখ টাকা লুট, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গোবিন্দগঞ্জে দেওয়াল কেটে ইউনিলিভার ডিস্ট্রিবিউটরের অফিসে দুর্ধর্ষ চুরি

আবু হাসান/ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারী ৩, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
গোবিন্দগঞ্জে দেওয়াল কেটে ইউনিলিভার ডিস্ট্রিবিউটরের অফিসে দুর্ধর্ষ চুরি

মোঃ আবু হাসান, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিলিভারের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান মেসার্স এস এম ট্রেডার্স-এর অফিসে দেওয়াল কেটে প্রবেশ করে ১২ থেকে ১৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার, ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে পৌর শহরের ঢাকা–রংপুর মহাসড়ক সংলগ্ন দক্ষিণ বাসস্ট্যান্ড পান্তাপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ভোররাতে কয়েকজন চোর মুখে মাস্ক পরিহিত অবস্থায় ভবনের পেছনের দিকের দেওয়াল ড্রিল মেশিন দিয়ে কেটে গোডাউনে প্রবেশ করে। পরে তারা অফিসের ভেতরের দরজা ভেঙে লকার ও বিভিন্ন টেবিলের ড্রয়ার তছনছ করে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। ব্যাংক বন্ধ থাকায় আগের দিনের বিক্রয়লব্ধ অর্থ অফিসেই সংরক্ষিত ছিল।

মেসার্স এস এম ট্রেডার্সের সত্ত্বাধিকারী সৈয়দ আশরাফুল আলম মানিক বলেন,“সকালে ফোনে চুরির খবর পেয়ে দ্রুত অফিসে এসে দেখি গোডাউনের পেছনের দেওয়াল কাটা, দরজা ভাঙা এবং লকার ও ড্রয়ার ভেঙে ১২ থেকে ১৩ লাখ টাকা নিয়ে গেছে। এর আগেও এখানে চুরির ঘটনা ঘটেছে। এভাবে চলতে থাকলে ব্যবসা পরিচালনা করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানাই।”

প্রতিষ্ঠানটির ম্যানেজার আপেল মিয়া বলেন, “এই প্রতিষ্ঠানে ৭০ থেকে ৮০ জন শ্রমিক-কর্মচারী কাজ করেন। আমাদের আয়ের ওপরই অনেক পরিবারের জীবন চলে। যদি নিরাপত্তাহীনতার কারণে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তাহলে আমরা সবাই বিপদে পড়ব। পুলিশের কাছে আমাদের দাবি—দ্রুত তদন্ত করে চোরদের গ্রেপ্তার ও চুরি হওয়া টাকা উদ্ধার করা হোক।”

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার বলেন,“চুরির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

তথ্য ও ছবি: মাহমুদ খান