১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় কাভার্ড ভ্যানের ইঞ্জিনের নিচে মিলল ১৫ কেজি গাঁজা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ন
বগুড়ায় কাভার্ড ভ্যানের ইঞ্জিনের নিচে মিলল ১৫ কেজি গাঁজা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, বগুড়া | ১০ জানুয়ারি ২০২৬

​বগুড়ায় অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শনিবার (১০ জানুয়ারি) সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের ঠেঙ্গামারা (পুরানবাড়ী) এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন— পাবনা সদর উপজেলার গয়েশপুর এলাকার মৃত গোলাম রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম (৫৩) এবং একই উপজেলার জোতগৌরী (জালালপুর) এলাকার আব্দুল জব্বারের ছেলে মো. দুলাল হোসেন (৪১)।

​র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া জানতে পারে যে, রংপুর থেকে পাবনাগামী একটি কাভার্ড ভ্যানে বড় ধরনের মাদকের চালান যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সকাল পৌনে ১০টার দিকে ঠেঙ্গামারা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।

​এ সময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান (পাবনা ন-১১-০১৮৯) থামিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব। তল্লাশিকালে কাভার্ড ভ্যানটির ইঞ্জিনের নিচে বিশেষভাবে তৈরি প্রকোষ্ঠ থেকে পলিথিনে মোড়ানো ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় গাড়িতে থাকা দুই মাদক ব্যবসায়ীকে।

​অভিযানে মাদক ছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৫০০ টাকা, ২টি মোবাইল ফোন এবং ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

​র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে কৌশলে মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।