১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

ভেজাল গুড় কারখানায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের যৌথ অভিযান

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২৬, ২:০৬ অপরাহ্ন
ভেজাল গুড় কারখানায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্যের যৌথ অভিযান

বগুড়া প্রতিনিধি:

বগুড়া সদর উপজেলার ফাপর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে একটি কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

১১জানুয়ারি, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া কার্যালয় এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মোজাম্মেল মিয়া নামে এক ব্যবসায়ীর তৈরি গুড়ে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার এবং খেজুরের রসের সঙ্গে চিনি মিশ্রণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি ও সংরক্ষণ করার ঘটনাও ধরা পড়ে।

এই অপরাধে রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা উক্ত ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে হাইড্রোজ ও চিনি মিশ্রিত প্রায় ৫০ কেজি ভেজাল গুড় জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানের সময় ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত হবেন না মর্মে অঙ্গীকার করেন।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের কম্পিউটার অপারেটর আব্দুল কাদের এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী  শরিফুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল।

ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।