মাজেদুর রহমানঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি নকল সিগারেট কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট, নকল ব্যান্ডরোল, কাঁচামাল ও মূল্যবান যন্ত্রপাতি জব্দ করেছে সেনাবাহিনীর ৪০ বীর ইউনিট।
গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ভোর আনুমানিক ৩টা থেকে শুরু হয়। অভিযানে কারখানাটি থেকে দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন নামী কোম্পানির বিপুল পরিমাণ নকল সিগারেট ও নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল, ১০ লক্ষ টাকা মূল্যের নকল সিগারেট প্যাকেট, ১৪ ধরনের বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট, আনুমানিক ১০ মণ তামাক, এবং প্রায় ১০ কোটি টাকা মূল্যের সিগারেট উৎপাদনের যন্ত্রপাতি।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ সিগারেট কারখানাটি সিলগালা করা হয়। একই সঙ্গে আটককৃতদের ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সিগারেট ও ব্যান্ডরোল উৎপাদনের মাধ্যমে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।