৪ বৈশাখ, ১৪৩৩

১৭ এপ্রিল, ২০২৬

ফেসবুকের ফেক আইডিতে অপপ্রচার

বগুড়া শহর যুবদল সভাপতি আহসান হাবিব মমিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষুব্ধ নেতাকর্মীরা

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারী ১৩, ২০২৬, ৫:২১ অপরাহ্ন
বগুড়া শহর যুবদল সভাপতি আহসান হাবিব মমিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষুব্ধ নেতাকর্মীরা

বগুড়া প্রতিনিধি:

বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে। একটি ফেসবুক ফেক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য ও নেতিবাচক প্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন শহর যুবদলের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি বগুড়া করোনেশন স্কুলে এসএসসি-১৯৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি স্মরণীয় মিলনমেলার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর বন্ধুবান্ধবেরা একত্রিত হয়ে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটান। অনুষ্ঠানের এক পর্যায়ে বন্ধুসুলভ পরিবেশে সবাই মিলে একটি গান পরিবেশন করেন। সম্পূর্ণ ব্যক্তিগত ও সামাজিক এই আয়োজনে কোনো রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্য ছিল না।

তবে ওই মিলনমেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ‘আমরা পলাশ ভাইয়ের সৈনিক’ নামে একটি ফেক আইডি থেকে আহসান হাবিব মমিকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। ভিডিওটির ভিন্ন ব্যাখ্যা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন শহর যুবদলের নেতাকর্মীরা। এতে সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বগুড়া শহর যুবদলের নেতারা বলেন, আহসান হাবিব মমি দীর্ঘদিন ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অংশগ্রহণ নতুন কিছু নয়। একটি ব্যক্তিগত মিলনমেলার ভিডিওকে কেন্দ্র করে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চালানো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে তারা মনে করছেন।

নেতাকর্মীদের অভিযোগ, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে রাজনৈতিকভাবে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। ফেক আইডির আড়ালে থেকে সম্মানহানিকর মন্তব্য শুধু একজন ব্যক্তির নয়, পুরো সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে শহর যুবদলের নেতারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত ফেক আইডি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তারা বলেন, ব্যক্তিগত ও সামাজিক আয়োজনকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা বন্ধ হওয়া উচিত।

নেতাকর্মীরা আরও জানান, এ ধরনের অপপ্রচার তাদের দমিয়ে রাখতে পারবে না। বরং এসব অপচেষ্টা মোকাবিলা করে সংগঠন আরও ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে।