মিজানুর রহমান আশিকঃ
বগুড়া সদর উপজেলার বানদিঘী ও এরুলিয়া এলাকায় অবস্থিত দুটি চানাচুর কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
১৫ জানুয়ারি, বৃহঃস্পতিবার বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে বানদিঘী এলাকার মাহী চানাচুর কারখানাকে ১ লাখ টাকা এবং এরুলিয়া এলাকার রুচি ফুড কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে কারখানা দুটিতে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। দীর্ঘদিন ব্যবহৃত পোড়া তেলে চানাচুর ভাজা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মেঝেতে পায়ে মাড়িয়ে চানাচুরে মসলা মেশানো, অনুমোদনহীন ও নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার, বিএসটিআইসহ প্রয়োজনীয় মানসনদ ও নিবন্ধন ছাড়া খাদ্য উৎপাদন এবং খাদ্যপণ্যের মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ তথ্য ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় উভয় প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধিমালা অনুযায়ী জব্দকৃত খাদ্যপণ্য ও উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশের একটি দল।
কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।