১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শিবগঞ্জে জমি বিরোধের জেরে মারধর ও লুটপাটের অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
শিবগঞ্জে জমি বিরোধের জেরে মারধর ও লুটপাটের অভিযোগ

শিবগঞ্জ প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর, হত্যাচেষ্টা, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরে ফসল ও মাছ নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মো. খায়রুল ইসলাম (৫১), পিতা মো. আব্দুস সাত্তার, সাং সিংগারপাড়া, ইউনিয়ন কিচক, শিবগঞ্জ জানান, পূর্ব বিরোধের জেরে গত ১৪ জানুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে শিবগঞ্জ থানাধীন গুজিয়া বন্দরে একটি মাদরাসার সামনে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রসহ তাঁর পথরোধ করে। এরপর তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এলোপাতাড়ি মারধর করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে অভিযুক্তরা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাতের চেষ্টা চালায়। এতে তাঁর ডান হাতের কনুই ও ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুরুতর জখম হয়। এক পর্যায়ে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

এ সময় হামলাকারীরা তাঁর প্যান্টের পকেটে থাকা প্রায় ৩০ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেয় এবং শার্টের পকেটে থাকা একটি স্মার্টফোন ভেঙে ফেলে, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত অবস্থায় তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

অভিযোগে আরও বলা হয়, একই দিন বিকেলে অভিযুক্তরা তাঁর পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে গিয়ে প্রায় ১০০টি কলাগাছ কেটে ফেলে এবং পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক তিন মণ মাছ নষ্ট করে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনার প্রত্যক্ষ সাক্ষী বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানা সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।