স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনের জন্য প্রবাসী নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপি।
সৌদি আরবের রাজধানী রিয়াদের হারায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ নয়ন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের স্বাক্ষরে সাতটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ. কে. এম. গোলাম হাসনাইন সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল হামিদ।
এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব সোহান সরকার ও মাহফুজুর রহমান চঞ্চলসহ প্রবাসী বগুড়া জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনেই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এই নির্বাচন পরিচালনা কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।