১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

ধুনটে ঘুস গ্রহণের গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা;গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারী ২০, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ধুনটে ঘুস গ্রহণের গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা;গ্রেফতার ২
প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার হুকুম আলী মোড়ে ট্রাফিক চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে ধুনট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

 

​গ্রেপ্তারকৃতরা হলেন—ধুনটের মাটিকোড়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা (২৫) এবং চরপাড়া গ্রামের মৃত আ: মান্নানের ছেলে মো. শাহিনুর জামান গোলাপ (৪৫)।

 

​পুলিশ জানায়, সোমবার টিএসআই মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক চেকপোস্ট চলছিল। এ সময় কাগজপত্রের ত্রুটি থাকায় একটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং সঠিক কাগজপত্র থাকায় অপর একটি মোটরসাইকেল ছেড়ে দেওয়া হয়। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপ অভিযোগ তোলেন যে, কনস্টেবল আব্দুল খালেক টাকার বিনিময়ে গাড়িটি ছেড়ে দিয়েছেন। এই গুজব ছড়িয়ে তারা স্থানীয় লোকজনকে জড়ো করে ‘মব’ সৃষ্টি করেন এবং পুলিশের ওপর অতর্কিত হামলা চালান।

 

​হামলায় ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আব্দুল খালেক ও মো. আ: হামিদ আহত হন। খবর পেয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত পুলিশ সদস্যদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

​এ ঘটনায় ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।

 

​বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ কর্তৃক অবৈধভাবে অর্থ আদায়ের যে সংবাদ প্রচার হচ্ছে তা সত্য নয়। মূলত সঠিক কাগজপত্র থাকায় গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছিল, যা ভিন্নখাতে প্রবাহিত করে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।