এইচ আলিম, বগুড়া:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে বগুড়ার মেয়ে সৌমিকা লাহিড়ী। দেশের সেরা প্রতিযোগীদের পেছনে ফেলে দেশাত্মবোধক গানে ১ম (স্বর্ণপদক) এবং নজরুল সংগীতে ২য় (রৌপ্যপদক) স্থান অর্জন করেছে সে।
গত মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পদক পরিয়ে দেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
সৌমিকার বর্ণাঢ্য সাফল্যের ঝুলি:
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সৌমিকা লাহিড়ী মাত্র ৪ বছর বয়স থেকেই সংগীতের ভুবনে পদার্পণ করে। এ পর্যন্ত সে জাতীয় পর্যায়ে মোট ১১টি পুরস্কার অর্জন করেছে, যার মধ্যে ৫টি স্বর্ণ এবং ৬টি রৌপ্য পদক রয়েছে।
তার সাফল্যের তালিকায় রয়েছে:
➤২০২১: নজরুল ও লালন সংগীতে জাতীয় পর্যায়ে দুটি স্বর্ণপদক।
➤২০২২-২৩: রবীন্দ্র সংগীতে জাতীয় পর্যায়ে স্বর্ণ ও দেশাত্মবোধক গানে রৌপ্য পদক।
➤২০২৩: জাতীয় পর্যায়ে তবলায় ৩য় স্থান এবং প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় পঞ্চগীতি কবির গানে ১ম স্থান।
➤২০২৫: শাপলা কুঁড়ি প্রতিযোগিতায় লোকসংগীতে ১ম ও রবীন্দ্র সংগীতে ৩য় স্থান। এছাড়া নতুন কুঁড়ি ২০২৫-এ আধুনিক গানে রানার-আপ হয়ে 'টপ টেন'-এ জায়গা করে নেয় সে।
সংগীত চর্চা ও কারিগরদের ভূমিকা:
বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসিন্দা সৌম্য লাহিড়ী ও সুমা লাহিড়ী দম্পতির সন্তান সৌমিকা। সংগীতের হাতেখড়ি হয় বিশিষ্ট শিল্পী উমা দাসের কাছে। পরবর্তীতে প্রণব কান্ত স্যানাল, উচ্চাঙ্গ সংগীতে আব্দুল আলিম ও রোজিনা আলিম এবং রিপন দত্তর কাছে প্রশিক্ষণ গ্রহণ করে সে। এছাড়া বগুড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ত্রিতাল শিশু মনন বিকাশ কেন্দ্র, জেলা শিল্পকলা একাডেমি এবং উদীচী শিল্পী গোষ্ঠীতেও সে দীর্ঘসময় প্রশিক্ষণ নিয়েছে। শুধু কণ্ঠসংগীতই নয়, প্রশিক্ষক বিমল কবিরাজের কাছে তবলাতেও দক্ষতা অর্জন করেছে এই বহুমুখী প্রতিভা।
মেয়ের এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত বাবা সৌম্য লাহিড়ী বলেন, "সংগীতের প্রতি সৌমিকার নিষ্ঠা ও কঠোর পরিশ্রমই তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। সে যেন আগামীতে সংগীতের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া চাই।"