৪ বৈশাখ, ১৪৩৩

১৭ এপ্রিল, ২০২৬

জুলাই শহিদের কবর জিয়ারতের বগুড়া জেলা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারী ২৩, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
জুলাই শহিদের কবর জিয়ারতের বগুড়া জেলা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মত্যাগের মহিমা ও আদর্শকে হৃদয়ে ধারণ করে নির্বাচনী ময়দানে পদার্পণ করলো বগুড়া জেলা ছাত্রদল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের রূহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে এই নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু হয়।

​বিকেল ৩টায় বগুড়া জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ জুলাই আন্দোলনের বীর যোদ্ধা শহীদ শাকিল হাসান মানিক, শহীদ সাব্বির মোল্লা ও শহীদ আব্দুল আহাদ সৈকতের পবিত্র মাজার জিয়ারত করেন। এসময় এক শোকাতুর ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। নেতৃবৃন্দ শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন।

​অনুষ্ঠানে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এসময় নেতৃবৃন্দ বলেন, "জুলাইয়ের শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তাঁদের বুকের রক্তে রঞ্জিত এই স্বাধীন মানচিত্র রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ছাত্রদল সর্বদা আপসহীন। শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নেই আমাদের এই নির্বাচনী পথচলা।"

​দোয়া ও জিয়ারত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকি রাকিব, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন সহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

​শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ফ্যাসিবাদমুক্ত আগামীর বাংলাদেশ গড়তে এবং সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল রাজপথ থেকে নির্বাচনী ময়দান পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবে। কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেন।