নিজস্ব প্রতিবেদক, বগুড়া | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা এনসিপি। দলের ভাবমূর্তি রক্ষায় এবং প্রকৃত সত্য উদঘাটনে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা এনসিপি-এর সাংগঠনিক সম্পাদক (দপ্তর) মাইনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।
তদন্ত কমিটির সদস্যবৃন্দ:
১. ইজাজ আল ওয়াসি জীম (সিনিয়র যুগ্ম সদস্য সচিব)
২. রিগান হোসেন (যুগ্ম সদস্য সচিব)
৩. আবদুস সবুর সুমন (যুগ্ম সদস্য সচিব)
৪. শওকত ইমরান (সাংগঠনিক সম্পাদক)
৫. মশিউর রহমান বিপু (সাংগঠনিক সম্পাদক)
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠিত কমিটিকে আগামী ২ দিনের মধ্যে বিস্তারিত তথ্যসহ আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই দল পরবর্তী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মোস্তফা মঞ্জুর জানান, সাগরের বিরুদ্ধে গত ৩০ আগস্ট রুবেল প্রাং নামে এক ব্যক্তি বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক বিরোধের জেরে রুবেলকে মারধর, রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং ভয় দেখিয়ে বিকাশ ও নগদ অর্থ মিলিয়ে অর্ধ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি নেতৃবৃন্দ দাবি করেছেন, ব্যক্তিগত বিরোধের জেরে হওয়া মামলায় জাতীয় নাগরিক পার্টির নাম জড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তবে অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ অবস্থান থেকেই তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।