নিজস্ব প্রতিবেদক, বগুড়া | ০৩ মার্চ, ২০২৬
বগুড়া সদর উপজেলার উত্তর সাতশিমুলিয়া এলাকায় এক ঝটিকা অভিযানে ১৫ কেজি ৯৪০ গ্রাম গাঁজাসহ মোছাঃ আমেনা বেগম (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উত্তর সাতশিমুলিয়া মন্ডলপাড়া গ্রামে নিজ বসতবাড়ির খড়ির ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদকসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উত্তর সাতশিমুলিয়া এলাকায় মাদকের একটি বড় চালান কেনাবেচার উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। সংবাদের সত্যতা যাচাইয়ে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল ওই গ্রামে অভিযান চালায়। তল্লাশিকালে আসামী আমেনা বেগমের ব্যবহৃত খড়ির ঘরের ভেতর থেকে দুটি বড় পোটলা উদ্ধার করা হয়। স্কচটেপ দিয়ে মোড়ানো ওই পোটলা দুটির একটিতে ৭ কেজি ৪২০ গ্রাম এবং অপরটিতে ৮ কেজি ৫২০ গ্রামসহ মোট ১৫ কেজি ৯৪০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, গ্রেপ্তারকৃত আমেনা বেগমের পুরো পরিবারই মাদক ব্যবসার সাথে জড়িত। এর আগে গত ২ জানুয়ারি ভোরে শাহজানপুর থানা এলাকায় সিএনজি যোগে ১০ কেজি গাঁজা পাচারের সময় আমেনার স্বামী সাজু মন্ডলকে গ্রেপ্তার করেছিল ডিএনসি। স্বামী কারাগারে থাকলেও আমেনা বেগম বাড়িতে মাদকের আস্তানা গেড়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো: তাহিদুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের এই বিশাল চালানের নেপথ্যে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।