নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ (জিরো টলারেন্স) নীতি বাস্তবায়নে এক অভিনব কৌশল গ্রহণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা ও জনমত গড়ে তুলতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী স্লোগান সম্বলিত ১০০টি বিলবোর্ড ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।
ডিএনসি বগুড়ার উপ-পরিচালক (ডিডি) মো. জিললুর রহমান জানান, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা এই উদ্যোগের মূল উদ্দেশ্য। জেলার লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর সার্বিক সহযোগিতায় এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে উপজেলার ১৩টি ক্যাটাগরির ১০০টি পয়েন্টে এসব সচেতনতামূলক উপকরণ লাগানো হয়েছে। এর মধ্যে রয়েছে:
উপজেলা পরিষদ ও মডেল মসজিদ: ইউএনও এবং এসি ল্যান্ড অফিসসহ উপজেলা কমপ্লেক্সে ৫টি এবং মডেল মসজিদে ১টি বিলবোর্ড।
আইনশৃঙ্খলা ও স্বাস্থ্য: থানা কমপ্লেক্সে ২টি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি বড় বিলবোর্ড।
প্রান্তিক পর্যায়: উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, তহশিল অফিস এবং কমিউনিটি ক্লিনিকে একটি করে বিলবোর্ড ও ক্ষতিকর প্রভাব সম্বলিত ফেস্টুন।
শিক্ষা ও জনসেবা: কলেজসহ গুরুত্বপূর্ণ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান, সাব-রেজিস্ট্রি অফিস, সোনালী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং এনজিও কার্যালয়।
জনবহুল স্থান: বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, রেলস্টেশন, হাট-বাজার, সেলুন, আবাসিক হোটেল এবং হাইওয়ে যাত্রাবিরতি কেন্দ্রসহ মোট ৩০টি পয়েন্টে এসব প্রচারণামূলক বোর্ড স্থাপন করা হয়েছে।
ডিএনসি বগুড়া সূত্রে জানা গেছে, সারিয়াকান্দির এই কার্যক্রম একটি মডেল হিসেবে কাজ করবে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় এই সচেতনতামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।
ডিডি জিললুর রহমান বলেন, "শুধুমাত্র অভিযান চালিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। মানুষের মধ্যে মাদকবিরোধী মনোভাব গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।"
মাদকের বিরুদ্ধে এই সামাজিক উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর মতে, চোখের সামনে মাদকের কুফল সম্বলিত এসব বার্তা তরুণ প্রজন্মকে সচেতন করতে কার্যকর ভূমিকা রাখবে।