নিজস্ব প্রতিবেদক, বগুড়া | ০৯ মার্চ, ২০২৬
মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়ায় "মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা" শীর্ষক এক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, বগুড়ার উদ্যোগে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মোহাঃ জিললুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।
আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন মীর সাজ্জাদ আলী সন্তোষ, সহ-সভাপতি, বগুড়া প্রেসক্লাব এবং গনেশ দাস, সভাপতি, সাংবাদিক ইউনিয়ন, বগুড়া।
সেমিনারে বক্তারা বলেন, মাদকাসক্তিমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের ভয়াবহতা রোধে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ইতিবাচক মনোভাব ও লেখনী বড় শক্তি হিসেবে কাজ করবে। মাদক নির্মূলে গণমাধ্যম আরও জোরালোভাবে এগিয়ে আসবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর মো: শাহাদাত হোসেন, পরিদর্শক মো: সামসুল আলম এবং বগুড়ার ১৯টি নিবন্ধিত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকবৃন্দ। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করে বগুড়ায় আসক্তি পুনর্বাসন কেন্দ্র সমূহের সমন্বয় সংগঠন (আরকব)।
সেমিনার শেষে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে ইফতার সম্পন্ন করা হয়।