নিজস্ব প্রতিবেদক, বগুড়া | ০৯ মার্চ, ২০২৬
বগুড়ায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর অধীনে এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট "ক" অঞ্চল-এর আদেশ ও জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান সম্পন্ন হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন...
https://www.facebook.com/share/v/1AhtoPhHxN/
অভিযান সূত্রে জানা যায়, ভূমি অপরাধ (১৪/২৫ নং) মামলার চূড়ান্ত আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি)-কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী তফশিলভুক্ত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে চলমান অবৈধ দখল উচ্ছেদ করতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।
সোমবার সকাল থেকে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট এলাকার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমিটি দখলমুক্ত করা হয়। উচ্ছেদ প্রক্রিয়া শেষে ভূমির প্রকৃত মালিককে আইনানুগভাবে জমির দখল বুঝিয়ে দেয় জেলা প্রশাসন।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, ভূমি সংক্রান্ত অপরাধ দমনে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় জেলা প্রশাসন বদ্ধপরিকর। নতুন ভূমি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।