মাজেদুর রহমান, বগুড়া | ২৩ মার্চ, ২০২৬
সাংবাদিকতাকে একটি মহৎ পেশা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, সংবাদের বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের মাধ্যমেই এই পেশার সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। সোমবার বেলা ১১টায় বগুড়ার হোটেল নাজ গার্ডেনে তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক এ সভায় তিনি বর্তমান সময়ের সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান রুমন বগুড়ার সাংবাদিকদের মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বগুড়ার সাংবাদিকদের সামগ্রিক মানোন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। পাশাপাশি বগুড়ায় সাংবাদিকতা বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যাতে নতুন প্রজন্ম প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে এ পেশায় যুক্ত হতে পারে। এছাড়া প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর একটি শাখা বগুড়ায় স্থাপনের বিষয়েও উচ্চপর্যায়ে আলোচনা করা হবে। স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরণ বদলালেও এর মূল ভিত্তি—সততা ও বস্তুনিষ্ঠতা—অপরিবর্তিত থাকা জরুরি। তরুণ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে দ্রুত সংবাদ পরিবেশনের চেয়ে সঠিক সংবাদ প্রকাশই বড় চ্যালেঞ্জ।
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন গ্রাম উন্নয়ন কর্ম-গাকের নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বগুড়া শাখার সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দিন সৈকত।
বক্তারা বগুড়ায় সাংবাদিকতার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সরকারের এ ধরনের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, বগুড়ার আহ্বায়ক মোহন আকন্দ। সভায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত তরুণ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।