১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় বিকাশ প্রতারণার পৌনে ২ লাখ টাকা উদ্ধার

মাজেদুর রহমান প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
বগুড়ায় বিকাশ প্রতারণার পৌনে ২ লাখ টাকা উদ্ধার

মাজেদুর রহমান, বগুড়া:

​বগুড়া সদর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় এক বিকাশ এজেন্টের খোয়ানো ১ লাখ ৭৪ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে। প্রতারক চক্রের হাত থেকে উদ্ধার করা এই টাকা আজ সোমবার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

​ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মাহবুব হাসান (৩৭) বগুড়া সদরের সাবগ্রাম এলাকার বাসিন্দা। তিনি একজন বিকাশ এজেন্ট। গত ২২ ফেব্রুয়ারি প্রতারক চক্রের মাধ্যমে তিনি বড় অঙ্কের এই অর্থ হারান। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

​থানা সূত্রে জানা গেছে, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইব্রাহীম আলীর নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলমের সহযোগিতায় তদন্ত শুরু করেন এসআই মোঃ আরিফুর রহমান। তদন্তকারী দল আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে ভোলা জেলার দুলারহাট থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারকের কাছ থেকে আত্মসাৎ করা ১,৭৪,২০০ (এক লক্ষ চুয়াত্তর হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়।

​উদ্ধার করা টাকা আজ আইনি প্রক্রিয়া শেষে মালিক মোঃ মাহবুব হাসানের হাতে তুলে দেওয়া হয়েছে। খোয়ানো টাকা ফেরত পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।