নিজস্ব প্রতিবেদক, বগুড়া |
রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর রাখতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগ নিশ্চিত করা এবং একই সঙ্গে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে কোনো ধরনের স্থবিরতা সৃষ্টি না হওয়ার বিষয়টি বিবেচনায় রেখেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই পদক্ষেপে দলীয় শৃঙ্খলা, জবাবদিহিতা ও কার্যকারিতার প্রতি অগ্রাধিকার দেওয়ার একটি সুস্পষ্ট বার্তা প্রতিফলিত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার উচ্চপদে আসীন থেকেও সংগঠনের স্বার্থকে প্রাধান্য দেওয়া বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিরল দৃষ্টান্ত। দলের প্রতি গভীর ভালোবাসা, দায়িত্ববোধ এবং নৈতিক অবস্থান থেকেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা মনে করছেন।
এদিকে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শিবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে সহ-সভাপতি এসএম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ইতোমধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে কাজ শুরু করেছেন।
সংশ্লিষ্ট মহল মনে করছে, মীর শাহে আলমের এই সময়োপযোগী ও বিচক্ষণ সিদ্ধান্ত তার রাজনৈতিক পরিপক্বতা, দূরদর্শিতা এবং দলের প্রতি অটল অঙ্গীকারেরই প্রতিফলন। তার এই পদক্ষেপ দলীয় নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে এবং সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।