১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান:২ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

মিজানুর রহমান আশিক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান:২ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া |

বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং দইয়ে গুঁড়া দুধের মিশ্রণ করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত শহরের ঠনঠনিয়া এবং গোহাইল রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান।

ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা গেছে, গোহাইল রোডের সিঅ্যান্ডবি সংলগ্ন এলাকায় বেক্সিমকো গ্যাসের ডিলার 'ফেরদৌস ট্রেডার্স' সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করছিল। গত ২ এপ্রিল সরকার গ্যাসের দাম পুনঃনির্ধারণ করলেও প্রতিষ্ঠানটি আগের বেশি দামেই (১৯০০ টাকা) গ্যাস বিক্রি করছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবিলম্বে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির নির্দেশ দেওয়া হয়।

 

​অন্যদিকে, ঠনঠনিয়া এলাকার 'মহরম আলী দই ঘর' এ তদারকিকালে দেখা যায়, তারা বিপুল পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার বা গুঁড়া দুধ ব্যবহার করে দই তৈরি করছে। সাধারণ ভোক্তাদের সাথে এমন প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভবিষ্যতে আর গুঁড়া দুধ দিয়ে দই তৈরি করবে না মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করে।

 

​অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান বলেন, "গ্যাসের বাজার স্থিতিশীল রাখা এবং খাদ্যপণ্যে ভেজাল রোধে আমাদের নিয়মিত তদারকি চলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

 

​অভিযানে জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।