নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়া সদর উপজেলায় অভিনব কৌশলে ম্যাগনেট ব্যবহার করে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বগুড়া সদর থানাধীন নওদাপাড়া এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে কক্সবাজার থেকে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের G-1 সিটে বসা টিকিটবিহীন যাত্রী মো. জামাল (৩৫)-এর দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে ম্যাগনেট দিয়ে আটকানো দুটি প্যাকেটে মোট ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০০ পিস করে ইয়াবা ছিল, যার মোট ওজন প্রায় ১০০ গ্রাম। এছাড়া পাচারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. জামাল কক্সবাজার জেলার ঈদগাঁও থানার হাজিপাড়া ইসলামপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি জানায়, উদ্ধারকৃত ইয়াবার চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।