নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় বালুভর্তি একটি ট্রাকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল দিবাগত রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে বগুড়া সদর থানার বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস “ছ” মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়।
এ সময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৯২৭৬) থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির এক পর্যায়ে ট্রাকের বালির মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি করে মোট ৮০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক মো. রবিউল ইসলাম (২৫) কে আটক করা হয়। তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা।
উদ্ধারকৃত মাদক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।