১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মিজানুর রহমান আশিক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
বগুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

 

 “উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলবে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টা ৩০ মিনিটে বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় সার্বিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজোয়ান হোসেন।

মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করেন। প্রধান অতিথি প্রকল্পগুলো পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করেন। পাশাপাশি কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের সীমিত প্রাকৃতিক সম্পদের প্রেক্ষাপটে মানবসম্পদই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তিনি উল্লেখ করেন, “বিজ্ঞানভিত্তিক মানবসম্পদ উন্নয়নই আগামীর বাংলাদেশ গঠনের মূল চাবিকাঠি।” তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনের মাধ্যমে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।