১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

গণমাধ্যমের ওপর সব ধরনের চাপ বন্ধের দাবি সাংবাদিক উন্নয়ন সংস্থার

মিজানুর রহমান আশিক প্রকাশিত: মে ৩, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
গণমাধ্যমের ওপর সব ধরনের চাপ বন্ধের দাবি সাংবাদিক উন্নয়ন সংস্থার

​নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

 বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা। রবিবার (৩ মে) সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​সংস্থার চেয়ারম্যান মো. মমিনুর রশিদ শাইন-এর সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম-এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. হাসান সরদার জুয়েল, মু. কাজী মাহমুদুল হাসান, ড. মো. শাহজাহান কবির, যুগ্ম মহাসচিব মো. আরফাতুর রহমান আপেল, মো. আলমগীর কবির, মো. আব্দুল করিম, দপ্তর সচিব মো. শিপন আলী ও তথ্য ও প্রযুক্তি সচিব মো. ইমাম হোসেনসহ দেশের বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মীরা।

​মানববন্ধনে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা না গেলে মানবাধিকার, উন্নয়ন ও সুশাসন বজায় রাখা সম্ভব নয়। এ সময় তারা সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা, স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দেওয়া এবং গণমাধ্যমের ওপর সব ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ বন্ধের জোর দাবি জানান।

​কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এবারের প্রতিপাদ্য— ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’— বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে দেশের সংবাদপত্রের পরিবেশকে আরও সাংবাদিকবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন তারা।