১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ২৩ লাখ গবাদিপশু, চাহিদার তুলনায় বাড়তি ২২ লাখ

মিজানুর রহমান আশিক প্রকাশিত: মে ৩, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ২৩ লাখ গবাদিপশু, চাহিদার তুলনায় বাড়তি ২২ লাখ

নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩ মে ২০২৬

চলতি বছর দেশে কোরবানির জন্য প্রস্তুত গবাদিপশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার, যা সম্ভাব্য চাহিদার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। রোববার (৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।

 

মন্ত্রী বলেন, দেশে কোরবানির জন্য সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি পশু। সে হিসেবে এবার প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি গবাদিপশু অতিরিক্ত থাকবে।

 

সরকারি হিসাব অনুযায়ী, কোরবানিযোগ্য পশুর মধ্যে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। এছাড়া ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং উট, দুম্বাসহ অন্যান্য প্রজাতির পশু রয়েছে ৫ হাজার ৬৫৫টি।

 

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, কোরবানির পশু নিয়ে কোনো ঘাটতির আশঙ্কা নেই। দেশীয়ভাবে প্রস্তুত পশু দিয়েই চাহিদা পূরণ সম্ভব হবে, ফলে বাজারে সংকট তৈরি হওয়ার সুযোগ নেই।

 

সীমান্তপথে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর নজরদারি জোরদার করেছে উল্লেখ করে তিনি জানান, এ কাজে বিজিবি, পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। 

 

কোরবানির হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলেও জানান মন্ত্রী। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

এছাড়া অনলাইনে পশু কেনাবেচার ক্ষেত্রে কোনো ধরনের খাজনা বা হাসিল নেয়া হবে না বলে জানান তিনি। কোরবানির পশুবাহী ট্রাক থেকে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিষয়ে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।