১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় ডিবির অভিযানে, ভুয়া পরিচয়ে ইজিবাইক ছিনতাইচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৭

মিজানুর রহমান আশিক প্রকাশিত: মে ৬, ২০২৬, ২:২০ অপরাহ্ন
বগুড়ায় ডিবির অভিযানে, ভুয়া পরিচয়ে ইজিবাইক ছিনতাইচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৭

 

বগুড়া প্রতিনিধি:

 বগুড়ায় ডিবি, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে কৌশলে ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ৪টি ইজিবাইক, ছিনতাই কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ২টি ওয়াকিটকি এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

​আজ জেলা গোয়েন্দা শাখার এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৫ এপ্রিল বগুড়া টিএমএসএস হাসপাতালের সামনে থেকে এক চালককে সিভিল পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে কৌশলে তার ইজিবাইকটি ছিনতাই করা হয়। এই ঘটনায় ৫ মে বগুড়া সদর থানায় মামলা দায়ের হলে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় ডিবির একটি চৌকস টিম তদন্তে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ মঙ্গলবার ভোরে সদরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে।

 

​গ্রেপ্তারকৃতরা হলেন - পটুয়াখালীর মামুন শিকদার (৪০), বরিশালের মিঠু পাটোয়ারী (৩০), পটুয়াখালীর সুমন মিয়া (৩০), জাকির হোসেন (৪০) ও মো. নিজাম (৪৬)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন এলাকার হারাগাছ থানার বানুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকৃত ইজিবাইক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যবসায়ী ওবায়দুল ইসলাম বেগ (৪০) ও জাহিদুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়। এসময় জাহিদুলের দোকান ও বিভিন্ন স্থান থেকে ছিনতাই হওয়া ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়।

 

​ডিবি পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘ দিন ধরে বিভিন্ন জেলায় ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ইজিবাইক ও অটোরিকশা ছিনতাই করে আসছিল। গ্রেপ্তারকৃত মামুন শিকদার ও মিঠু পাটোয়ারীসহ অন্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও দস্যুতার মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।