বগুড়ায় চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বেসরকারি হাসপাতাল মালিকদের মানববন্ধন
বগুড়া প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর এবং শরীয়তপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম এর ওপর ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ মে (সোমবার) বিকাল ৩টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) বগুড়া জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও চিকিৎসকদের ওপর হামলা ও কর্মস্থলে হেনস্তার ঘটনা ঘটছে। চিকিৎসকরা যদি কর্মস্থলে নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। শরীয়তপুরে ডা. নাসির ইসলামের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক।
বক্তারা অবিলম্বে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলায় জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন চিকিৎসা খাতের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যানার হাতে এই মানববন্ধনে অংশ নেন।