নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, অবসান ঘটবে সাতমাথা-নেকটর রোডের ভোগান্তিরনবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, অবসান ঘটবে সাতমাথা-নেকটর রোডের ভোগান্তির
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: দীর্ঘদিনের খানাখন্দ আর চরম ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে আধুনিক রূপে সংস্কার হতে যাচ্ছে বগুড়া শহরের অন্যতম প্রধান সড়ক। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম উন্নয়ন কাজ হিসেবে শহরের 'নেকটার টু সাতমাথা (গোহাইল রোড)' আর.সি.সি ও বি.সি সড়ক এবং আর.সি.সি ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ২৭ মে ২০২৬ বুধবার ফলক উন্মোচনের মাধ্যমে ছাব্বিশ কোটি টাকারও বেশি ব্যয়ের এই মেগা প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন ৪১ বগুড়া-০৬ আসনের সংসদ সদস্য মো: রেজাউল করিম বাদশা এবং বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর ইসলাম স্বাধীন। আর ইউ টি ডি পি (RUTDP) প্রকল্পের আওতাধীন বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই বিশাল উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন। ঢাকার ঠিকাদার প্রতিষ্ঠান এসপিএল-আরএসসিই (জেভি) ২৬,৬০,১১,২৯৯.৯৯ টাকা চুক্তি মূল্যে কাজটি সম্পন্ন করবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটি খানাখন্দে ভরা থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল চরমভাবে বিঘ্নিত হতো। সামান্য বৃষ্টিতেই তৈরি হতো ব্যাপক জলাবদ্ধতা। নবগঠিত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রথম উন্নয়ন কাজ হিসেবে এই সড়কটিকে বেছে নেওয়ায় অত্র এলাকার অবর্ণনীয় ভোগান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছেন শহরবাসী।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো: রেজাউল করিম বাদশা বলেন, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের এই প্রথম উন্নয়ন কাজের মাধ্যমে শহরের আধুনিকায়নের যাত্রা শুরু হলো। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই প্রকল্পটির কাজ শেষ হলে অত্র এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে।
সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর ইসলাম স্বাধীন জানান, জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করাই তাদের মূল লক্ষ্য। কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে টেকসইভাবে সড়ক ও ড্রেন নির্মাণ শেষ করতে তারা বদ্ধপরিকর। উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া সিটি কর্পোরেশনের প্রকৌশলীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।