সুজন,শাজাহানপুর প্রতিনিধিঃ
ঈদ-পরবর্তী সময়ে সড়ক শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৮টি মামলায় অর্থদন্ড প্রদান করেন।
শনিবার (৩০ মে) উপজেলার বনানী বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাইফুর রহমান। এ সময় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিক ইকবালসহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়,মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করা এবং বাসের ছাদ ও ট্রাকে যাত্রী পরিবহনের মতো অননুমোদিত যাত্রী পরিবহন প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি চালানো হয়।অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় মোট ৮টি মামলা দায়ের করা হয়।ঈদের ছুটি শেষে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ট্রাফিক আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাইফুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক আইন মেনে চলা সবার দায়িত্ব। তাই সকল চালক ও যাত্রীকে সচেতন হয়ে আইন মেনে চলার আহ্বান জানাই।”